ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৬ ১৪৩৩

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে সুখবর, সময় বাড়ল দেড় মাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪ এএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দেড় মাস সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএ’র অফিশিয়াল ফেসবুকে পেজে দেয়া এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রথমে নম্বরপ্লেট লাগানোয় ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে ও সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। প্রাথমিকভাবে মোটরসাইকলের সম্মুখভাগে ম্যানুয়্যাল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা ১৫ নভেম্বর ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়। উক্ত সময়সীমা বৃদ্ধি করে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে।

সে আলোকে নির্ধারিত শর্তানুযায়ী মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে দুই ধরনের মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে:

মোটরসাইকেল (স্কুটার): ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হবে কমপক্ষে ২০ মিলিমিটার। 

স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেল: নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার। এক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

অন্যান্য  শর্ত
* ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

* নম্বরপ্লেটটি সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় লিখতে হবে।

* ম্যানুয়াল নম্বরপ্লেটের ওপর অন্য কোনো শোভাবর্ধন বা নকশা করা যাবে না।

* স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা হবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

এএইচ