ককটেল বিস্ফোরণ ও নাশকতায় জড়িত ঢাবি কর্মচারী বরখাস্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩১ এএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মচারীর নাম আমান উল্লাহ আমান। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ওই কর্মচারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে বোমা মারার জন্য জনপ্রতি এক হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরে একজন কর্মচারী বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। প্রশাসনের পক্ষ থেকে তাকে ডেকে পাঠানো হলেও তিনি উপস্থিত হননি। বর্তমানে তার মুঠোফোন বন্ধ রয়েছে এবং তার অবস্থান জানা যাচ্ছে না।
এদিকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি সমন্বয় সভা করে প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো, শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখা এবং ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরার মনিটরিং জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির মাধ্যমে স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঐ.মিষ্টি /এএইচ
