ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৭ ১৪৩৩

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৫ এএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

বুধবার (১১ নভেম্বর) ভোরের দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে উত্তর আউটার সিগন্যাল এলাকায় ট্রেনটির শান্টিংয়ের সময় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে ট্রেনটির শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। 

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে বগিটিতে আগুন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। 

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। পরে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এএইচ