সাভারে আজও শ্রমিক বিক্ষোভ, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার
ত্রিশ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছে শ্রমিকরা। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার সকালে প্রতিদিনের মত শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
তবে আশুলিয়ার শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, ইয়াগি বাংলাদেশ লিমিটেড ও সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়ার জিন্স ম্যানুফেকচারিং কোম্পানির পোশাক কারখানাসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার নিচে অবস্থান করে।
পরে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক আশুলিয়ার জিরাব-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলার পরও সড়কে অবস্থান নিলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ করলে বেশ কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় থেমে থেমে এ বিক্ষোভ চলে।
যদিও সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া ও পদ্মার মোড় এলাকার শ্রমিক বিক্ষোভ ও উত্তেজনা পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। বিপুল সংখ্যক পুলিশের অবস্থান রয়েছে সেখানে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জাহাঙ্গীর আলম জানান, সাভার-আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কিছু বহিরাগত শ্রমিক নামধারীরা বিক্ষোভ উসকে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে বললেন তিনি।
তিনি আরও জানান, পুলিশের সকল ইউনিট সতর্কাবস্থায় রয়েছে।
এএইচ
