১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি প্রশাসন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২০ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০২:২৪ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা কথিত ধর্মঘটের দিন গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিকাল ৪টার মধ্যে এ তালিকা জমা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদের দপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
এতে কর্তৃপক্ষের পূর্বানুমতি বা ছুটি ছাড়া যেসব শিক্ষক ক্লাস নেননি, তাদের নাম পাঠাতে সব বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের তালিকা ১১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে।
এ উদ্যোগের মাধ্যমে ১০ নভেম্বর ক্লাসে অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক তথ্য সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।
এএইচ
