কারাগারে বন্দির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও নেইল কাটার উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:৩১ এএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩২ এএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির পেটের ভেতর থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও নেইল কাটার উদ্ধার করেছেন চিকিৎসকরা।
এক সপ্তাহ পূর্বে ওই বন্দী হঠাৎ পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের চেকআপে পেটে গ্যাস লাইটার ও নেইল কাটার রয়েছে বলে ধরা পড়ে।
পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অপারেশন করে তার পেট থেকে এসব বের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন।
টাঙ্গাইলের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী হাসমত আলী গাজীপুরে কাশিপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী অবস্থায় রয়েছে। এখানে সে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন। গত ৩১ অক্টোবর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার হয়।
সেখানে চিকিৎসকরা জরুরি পরীক্ষা-নিরীক্ষা করে পেটের ভেতর বিপুলসংখ্যক ধাতব ও অপচনশীল বস্তুর অস্তিত্ব দেখতে পান। পরে গত ৪ নভেম্বর তাঁর পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, লোহার স্ক্রু ও ইটের টুকরা বের করেন।
জানা যায়, পরিচ্ছন্নতার কাজ করার সময় তিনি গোপনে ময়লা-আবর্জনা থেকে পরিত্যক্ত গ্যাস লাইটার ও অন্যান্য বস্তু সংগ্রহ করে খেয়ে ফেলতেন। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি ধরা পড়ে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সফল অস্ত্রোপচারের পর হাসমত আলী বর্তমানে সুস্থ ও শঙ্কামুক্ত আছেন। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এএইচ
