ঢাকা, বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৭ ১৪৩৩

টানা তিন দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪ এএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:১২ এএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এ দাম কমানো হয়েছে। 

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৫৭৫ টাকা কমে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা হয়েছে।

এর আগে গতকাল বুধবার ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। তার আগে ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। এই দাম কমানোর আগে ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় বাড়ানো হয়।

এদিকে, স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

এএইচ