এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৩:১০ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
আগুনে পুড়িয়ে দেওয়া পৈতৃক বাড়ি দেখার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলেছেন, শুধু নিজের নয়, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও এনসিপি উদ্বিগ্ন। এ ধরনের হামলা দিয়ে তাদের থামানো যাবে না। নিরাপত্তার দাবিতে তারা আগেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
আজ বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার বাগোয়ান গ্রামে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন নুসরাত তাবাসসুম।
নুসরাত তাবাসসুম বলেন, এই ঘটনার পর সন্ত্রাসী লীগের লোকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্লাস করছে। তারা মনে করছে, এই ধরনের হামলা করে হয়তোবা আমাদের দমিয়ে রাখা যাবে, হয়তোবা আমাদের ভয় পাইয়ে দেওয়া যাবে, হয়তোবা আমাদের অনেক বেশি কষ্ট দেওয়া যাবে, দুঃখ দেওয়া যেতে পারে।
তিনি বলেন, এ রকম নুসরাত তাবাসসুমের বসতবাড়ি পুড়ে যাওয়ার মতো অসংখ্য ঘটনা গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ দেখেছে এবং সেই দেখার ফল হিসেবেই চব্বিশ এসেছিল। তাই এ সমস্ত ঘটনা দিয়ে যারা আমাদের ভয় পাইয়ে দেবে বা কষ্ট পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি।
এনসিপির এই নেত্রী বলেন, ‘গত ২৮ অক্টোবর রাতে আনুমানিক সাড়ে নয়টা নাগাদ একটি স্প্যাম নাম্বার থেকে আমার কাছে একটি হুমকির কল আসে এবং তারও কিছু আগে-পরে আমি আরও বেশকিছু হুমকি কল পেতে থাকি। গত মঙ্গলবার আমি পুরো ঘটনার বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি জিডি করেছিলাম। সেই জিডির পরেও আমার কাছে বেশকিছু হুমকি এসেছে। বিশেষ করে গতকাল আমার বাড়িতে যখন হামলা হয়, তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়; অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়।’
এই এমপি আরও বলেন, ‘আপনারা জানেন, এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না। তারপর মধ্যরাতে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট (বিস্ফোরণ) হয়। ব্লাস্টের ধরণ–ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে, এটি পেট্রোলবোমার আঘাতে হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে নুসরাত তাবাসসুম বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব কী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাশা করেন তিনি।
নুসরাত তাবাসসুম বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া এবং কিছু মেইনস্ট্রিম চ্যানেলে প্রচার করা হচ্ছে যে, বাড়িটা নাকি পরিত্যক্ত। এই বাড়িটা একেবারেই পরিত্যক্ত নয়। এই বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকত; যারা আমাদের সাথে প্রায় পাঁচ-ছয় বছর ধরে আছে। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন, তারা আমাদের এই বাড়িটি দেখভাল করতেন। এই বাড়িতেই আমি বড় হয়েছি; আমার ছোট ভাই বড় হয়েছে; আমার বাবা-মা এই বাড়িতেই সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি, এটাই আমাদের বসতবাড়ি।’
তিনি আরও বলেন, এ ঘটনা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, জুলাই আন্দোলন ও জুলাই-সংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্কবার্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ, সুষ্ঠু তদন্ত এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আহ্বান জানান তিনি।
এএইচ
