রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৯ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানান।
বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগের ওপরও প্রভাব ফেলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারত্ব এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এমএইচ
