ঢাকা, বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৮ ১৪৩৩

শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:১৮ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

উচ্চমাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে প্রেসিডেন্ট প্রাবো জানান, ভারাক্রান্ত মন নিয়ে তিনি জিবরানের পদত্যাগ গ্রহণ করেছেন।

জিবরান ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে। ২০২৪ সালে পাঁচ বছর মেয়াদি দায়িত্ব গ্রহণের মাত্র দুই বছর পর তাকে পদ ছাড়তে হলো।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে পড়াশোনার সনদ নিয়ে জিবরানের যোগ্যতা প্রশ্নের মুখে পড়ার পর গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট এ বিষয়ে রায় দেন।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তার জমা দেয়া শিক্ষাগত যোগ্যতার নথি প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। তবে তার সমালোচকদের অভিযোগ, তিনি কখনোই উচ্চমাধ্যমিক পাস করেননি। 

এদিকে, জিবরানের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছিলেন পার্লামেন্টের ১২০ সদস্য। আটটি রাজনৈতিক দলের এসব সদস্য তার অভিশংসনের প্রক্রিয়া শুরুর আবেদন করেন। এ জন্য একটি বিশেষ কমিটি গঠনের কথা ছিল।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে নতুন নির্বাচন হয় না। প্রেসিডেন্টের মনোনীত দুই প্রার্থীর মধ্য থেকে ৬০ দিনের মধ্যে একজনকে বেছে নেবে দেশটির গণপরামর্শ পরিষদ।

এমএইচ