ঢাকা, বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৮ ১৪৩৩

১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর, মন্ত্রণালয়ে যাচ্ছে কমিটির সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০৪ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্বাহী আদেশে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভার কার্যবিবরণী বা রেজ্যুলেশন চূড়ান্ত হওয়ার পরপরই এই সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগামী সপ্তাহের মধ্যেই দাপ্তরিক এই প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদীয় স্থায়ী কমিটির সংশ্লিষ্ট একটি সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্রটির দেওয়া তথ্যমতে, গত ৮ নভেম্বর সংসদীয় কমিটির এক বৈঠকে ১-১২তম নিবন্ধন সনদধারীদের নির্বাহী আদেশে নিয়োগের বিষয়ে এই সুপারিশ করা হয়। বর্তমানে ওই সভার কার্যবিবরণী চূড়ান্ত করার কাজ চলছে। আগামী সপ্তাহে এটি সম্পন্ন করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংসদীয় কমিটির এই সুপারিশ হাতে পাওয়ার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব এবং এনটিআরসিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, কমিটির পক্ষ থেকে নেওয়া সুপারিশটি খুব দ্রুতই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তীতে মন্ত্রণালয় এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করল, তা স্থায়ী কমিটির আগামী বৈঠকে জানতে চাওয়া হবে।

অন্যদিকে, দীর্ঘদিনের এই নিয়োগ জটিলতা নিরসন করে ১-১২তম নিবন্ধনধারীদের চাকরির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বঞ্চিত প্রার্থীরা।

এর আগে গত ৮ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা সরকারের কাছে এই দাবি তুলে ধরেন।

নেতাদের অভিযোগ, ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ প্রদান শুরু হলেও পরবর্তীতে এনটিআরসিএর নীতিমালায় পরিবর্তন, ভাইভা বা মৌখিক পরীক্ষার নম্বরের ভিন্নতা এবং বয়সসীমার নানা মারপ্যাঁচে প্রথম ১২টি ব্যাচের অসংখ্য যোগ্য প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।

শিক্ষক নেতারা আরও উল্লেখ করেন, উচ্চ আদালতের রায় অনুযায়ী ২০১৮ সালের ১২ জুনের পূর্বে সনদ অর্জনকারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার সুযোগ রয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতার কারণে তাদের নিয়োগ ঝুলে আছে। অতীতে বিগত সরকারের আমলে টানা ২০৩ দিন শাহবাগে অবস্থান ও আন্দোলন করেও তারা কোনো সুরাহা পাননি।

আদালতের নির্দেশনায় ১৩তম নিবন্ধনের ২ হাজার ২০৭ জন প্রার্থী যেভাবে নিয়োগের সুযোগ পেয়েছেন, ঠিক একই প্রক্রিয়ায় ১-১২তম নিবন্ধনধারীদেরও নিয়োগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

এমএইচ