যশোরে বিএনপি নেতার বাড়িতে চিরকুটসহ ককটেল, হত্যার হুমকি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার
যশোরে ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু ও হত্যার হুমকিসংবলিত একটি চিরকুটে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের শিমুল হোসেনের বাড়ি থেকে এসব উদ্ধার করে পুলিশ।
ভুক্তভোগী শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, আজ সকালে বাড়ির উঠানের এক পাশে লাল টেপে মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখতে পান তিনি। কাছে গিয়ে সেগুলো ককটেলসদৃশ মনে হলে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তু দুটি উদ্ধার করে। এ সময় সেগুলোর পাশ থেকে একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে হত্যার হুমকিসহ বিভিন্ন গালিগালাজ লেখা ছিল বলে জানান তিনি।
শিমুলের অভিযোগ, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে ককটেল নিক্ষেপ করে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। তিনি বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে।’
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল, কোতোয়ালি থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং অবিস্ফোরিত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেন। এ ঘটনায় তদন্ত চলছে।
ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ দিকে বৃহস্পতিবার রাতেও যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে মুজিব সড়কে আদালত ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
একই সময়ে বকুলতলা এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা কয়েকজন এসব ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। বিস্ফোরণে বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলেও কেউ হতাহত হননি।
পুলিশের একটি সূত্রের দাবি, এসব বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং বিশেষ টহল জোরদার করা হয়েছে।
এমএইচ
