বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ উভয় পক্ষের সুবিধাজনক সময়ে হবে: রণধীর জয়সওয়াল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার | আপডেট: ০৯:০৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার
বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এরই অংশ হিসেবে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন খাতে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক চলছে বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় দেশের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। আসন্ন এই সংলাপে দুই দেশের নাগরিকদের ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হবে। বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় যেকোনো বিষয়ে আলোচনা করতে নয়াদিল্লি সব সময় প্রস্তুত রয়েছে বলেও তিনি স্পষ্ট করেন।
উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্প্রতি তা স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সময়সূচি সমন্বয় না হওয়ার কারণে গত সপ্তাহে একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে ঢাকার এই বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ভারত।
এদিকে আসন্ন কনস্যুলার সংলাপের প্রস্তুতি হিসেবে গত ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে সীমান্তে পুশ ইনের অপচেষ্টা বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম সহজীকরণ, দুই দেশে আটক থাকা নাগরিক ও জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুগুলো সংলাপে তুলে ধরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত চারটি কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে দুই দেশের চতুর্থ কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
এমএইচ
