ঢাকা, শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬,   কার্তিক ২৯ ১৪৩৩

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে এমপির কার্যালয় ভাঙচুর, আহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি নিয়ে বিরোধে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে পৌর শহরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে আখাউড়া উপজেলা বিএনপি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী। শুক্রবার বিকালে নবগঠিত কমিটি শহরে আনন্দ মিছিল বের করে।

মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তারা সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, এ সময় কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারীরা মিছিল থেকে উসকানি দিলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। 

এছাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। উপজেলা বিএনপির পাশাপাশি এটি সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ছাত্রদলের দুইপক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করলে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এমএইচ