রাজধানীতে কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার
রাজধানীর কল্যাণপুরে দুটি স্থানে ১০টি পটকা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে দারুস সালাম থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ সময় স্থানীয়রা জাহাঙ্গীর (৪০) নামে আদাবর থানা যুবদলের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ জানায়, কল্যাণপুরের সাফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সড়কে এবং খাজা মার্কেটের সামনের ওভারব্রিজের গোড়ায় ককটেলগুলো বিস্ফোরিত হয়। কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই স্থানে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীরকে আটক করেন স্থানীয়রা।
দারুস সালাম থানার ওসি দুলাল জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই স্থানে প্রায় ১০টির মতো পটকা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাহাঙ্গীর নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি আদাবর থানা যুবদলের কর্মী। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
পুলিশ আরও জানায়, বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএইচ
