ঢাকা, শনিবার   ১৪ নভেম্বর ২০২৬,   কার্তিক ৩০ ১৪৩৩

বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতার তালিকায় তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরআইএসএসসি প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে তারেক রহমানকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারেক রহমান ছাড়াও এবারের সংস্করণে বাংলাদেশ থেকে আরো দুই নারী স্থান পেয়েছেন। তারা হলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানা। তাদের দুজনকেই তালিকার ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে রাখা হয়েছে।

প্রকাশনাটিতে তারেক রহমানের পরিচিতি তুলে ধরে বলা হয়েছে, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকেও তিনি বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে তিনি দেশে ফেরেন। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে এবং ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে এবং নির্বাচিত সরকারের যাত্রা শুরু হয়।

অন্যদিকে, তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন একজন প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিতভাবে এই তালিকায় স্থান পেয়ে আসছেন। এ ছাড়া রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের স্বীকৃতিস্বরূপ স্থান পেয়েছেন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ও দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে। 

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে র‍্যাঙ্কিং করা হয়। বাকি ৪৫০ জনকে র‍্যাঙ্কিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। 

এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের আগের সংস্করণে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম স্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তার নাম রাখা হয়নি।

এএইচ