ঢাকা, শনিবার   ১৪ নভেম্বর ২০২৬,   কার্তিক ৩০ ১৪৩৩

উত্তরায় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ৩৯ উদ্ভাবনী প্রকল্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার

কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, স্মার্ট দুর্যোগ উদ্ধার ব্যবস্থা কিংবা পরিবেশবান্ধব কৃষি—বিজ্ঞানের নানা ধারণা ও প্রযুক্তি নিজেদের প্রকল্পে তুলে ধরেছে প্রিমিয়ার স্কুল ঢাকার শিক্ষার্থীরা। 

রাজধানীর উত্তরায় স্কুলের মূল ক্যাম্পাসে আয়োজিত ১৩তম বার্ষিক বিজ্ঞান মেলা ২০২৬-এর দ্বিতীয় দিনে প্রদর্শিত হয় ৩৯টি প্রকল্প। এতে অংশ নেয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে প্রদর্শনী। এ সময় দর্শনার্থীদের সামনে নিজেদের প্রকল্পের কার্যপদ্ধতি, বৈজ্ঞানিক ভিত্তি ও বাস্তব জীবনে প্রয়োগের সম্ভাবনা ব্যাখ্যা করে শিক্ষার্থীরা।

মেলার উদ্বোধন করেন স্কুলের চিফ প্রিন্সিপাল রুকসানা জান্নাত স্নিগ্ধা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অধ্যাপক ড. তারেম আহমেদ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অধ্যাপক ড. আল-সাকিব খান পাঠান।

প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল- এমআরএনএ ভ্যাকসিন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিউরাল নেটওয়ার্ক, কোয়ান্টাম কম্পিউটিং ও কিউবিট, স্মার্ট বর্জ্য বাছাইকারী বিন, বাধা এড়াতে সক্ষম সোনারভিত্তিক রোবট এবং ইলেকট্রোম্যাগনেটিক ট্রেন। পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষির ধারণা নিয়ে উপস্থাপন করা হয় ভার্টিক্যাল হাইড্রোপনিক ফার্মিং টাওয়ার, জিরো ওয়েস্ট স্মার্ট সিটি ও স্বনির্ভর বাস্তুতন্ত্রের মডেল।

আধুনিক প্রযুক্তির পাশাপাশি মেলায় স্থান পায় বিজ্ঞানের ইতিহাস। ইবনে আল-হায়সামের ক্যামেরা অবসকিউরা ও আলোকবিজ্ঞান এবং আল-জাহরাবীর অস্ত্রোপচার যন্ত্রপাতি ও দ্রবণীয় সুতা নিয়ে ছিল পৃথক প্রদর্শনী।

স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল, গবেষণার আগ্রহ ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

এএইচ