ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬,   কার্তিক ৩০ ১৪৩৩

কেরালার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ‘বনলতা সেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬ এএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার

ভারতের ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফকে) মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। ১০ দেশের নির্বাচিত ১৪টি চলচ্চিত্রের মধ্যে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে প্রতিযোগিতায় অংশ নেবে এটি।

আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে উৎসবটি। এতে বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’। 

সিনেমাটিতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনবোধ থেকে অনুপ্রাণিত হয়ে সরকারি অনুদানে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সহ-প্রযোজনায় রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন। এতে বনলতা সেন চরিত্রে নাবিলা এবং কবি জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার।

প্রতিযোগিতার সর্বোচ্চ পুরস্কার ‘সুবর্ণ চকোরম’-এর অর্থমূল্য ২০ লাখ ভারতীয় রুপি। এ ছাড়া সেরা পরিচালক, নবাগত পরিচালক ও দর্শকপ্রিয় চলচ্চিত্রের জন্যও রয়েছে পৃথক পুরস্কার। আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ‘বনলতা সেন’-এর অংশগ্রহণ দেশের চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ঐ.মিষ্টি /