বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার
এক যাত্রীর রেক্টাম বা পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্টসহ দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। উদ্ধার করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
এক্স-রে পরীক্ষায় যাত্রী হাসান মিয়ার রেক্টামে বা পায়ুপথের সঙ্গে যুক্ত লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন কর্মকর্তারা।
এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম।
উদ্ধারকৃত বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষা এবং পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িতদের উদঘাটনে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করবে অধিদপ্তর।
প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলেকে সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।
