আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মেম্বার নির্বাচিত হলেন প্রকৌশলী মো. সাইফুর রহমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ০৮:৪৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার
ফেনীর কৃতি সন্তান প্রকৌশলী মো. সাইফুর রহমান বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মেম্বার পদে সারা দেশের নিবন্ধিত সিভিল প্রকৌশলীদের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী ২০২৭–২০২৮ মেয়াদে এ দায়িত্ব পালন করবেন।
প্রকৌশলী মো. সাইফুর রহমান ২০১২ সালে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে এনভায়রনমেন্ট বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন।
তিনি ফেনী জেলার সুন্দরপুর চান্দলা গ্রামের সন্তান। কর্মজীবনে তিনি দীর্ঘদিন জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রমে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শান্তা হোল্ডিংসে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
পেশাগত জীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি এইচডিএফবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এইচডিএফবি ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকার মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে দুর্গত মানুষের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
২০১২ সালে পাস করার পর থেকে প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, অধিকার ও কল্যাণে তিনি বিভিন্নভাবে কাজ করে আসছেন। তাঁর এই নির্বাচনী বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রকৌশলী সমাজের প্রতি তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা ও আস্থার প্রতিফলন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই বিজয়ের মধ্য দিয়ে তিনি প্রকৌশলী সমাজের কল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য এবং তরুণ প্রকৌশলীদের সম্ভাবনা বিকাশে আরও কার্যকর ভূমিকা পালন করবেন। তাঁর এই অর্জনে ফেনীবাসী, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
এমএইচ
