কোন ইউনিয়নে কবে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০০ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ০২:১৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আগামী বৃহস্পতিবারের মধ্যে কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার বিস্তারিত তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য আবুল ফজল মো সানাউল্লাহ।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় চারজন নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তফসিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক হিসেবে জানানো হয়েছে, প্রথম ধাপে ১৩১ উপজেলার ১,০২৬টি ইউনিয়নে, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১,১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১,০০২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে এসব ইউনিয়নে কবে ভোট অনুষ্ঠিত হবে তার তারিখ প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার ১৯ নভেম্বর।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউপি ভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।
এ ক্ষেত্রে সদর উপজেলা ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদ অগ্রাধিকার পাবে।
এএইচ
