হৃদয় ও লিটনের জোড়া সেঞ্চুরিতে ৪০০ রানে থামল বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাসের দুর্দান্ত দুটি সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ঠিক ৪০০ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদার শুরুর তাণ্ডব সামলে দুই মিডল অর্ডার ব্যাটারের প্রতিরোধে বড় সংগ্রহ পায় সফরকারীরা। তবে দ্বিতীয় দিনে ড্যান প্যাটেরসনের বোলিং তোপে পড়ে ইনিংস আর বেশিদূর টানতে পারেনি টাইগাররা।
আগের দিনের ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নিয়ে তা নিজের মেয়েকে উৎসর্গ করেন লিটন কুমার দাস। তবে তিন অঙ্কে পৌঁছানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ব্যক্তিগত ১২০ রানে ড্যান প্যাটেরসনের শর্ট পিচ বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে উইয়ান মুল্ডারের হাতে ধরা পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার।
দ্বিতীয় দিনের সবকটি উইকেটই একাই শিকার করেন প্রোটিয়া পেসার ড্যান প্যাটেরসন। লিটনের বিদায়ের আগে মেহেদী হাসান মিরাজ ১০ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর নবম উইকেট হিসেবে ১৬ রান করা হাসান মাহমুদ প্যাটেরসনের বাউন্সারে বিভ্রান্ত হয়ে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন।
দলের সংগ্রহ চারশোতে নিয়ে যাওয়ার মূল কাজটি সারেন তাসকিন আহমেদ। দুই চার ও এক ছক্কায় ১৬ বলে ১৭ রান করে দলকে ৪০০ রানের মাইলফলকে পৌঁছে দেন তিনি। এরপর বড় শট খেলতে গিয়ে শর্ট থার্ডম্যানে মুল্ডারের হাতে ক্যাচ দিলে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। অপর প্রান্তে রানের খাতা না খুলেই অপরাজিত থাকেন এবাদত হোসেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ৫টি, ড্যান প্যাটেরসন ৪টি এবং মার্কো ইয়ানসেন ১টি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই কাগিসো রাবাদার বোলিং তোপে পড়ে বাংলাদেশ। টেস্ট অভিষেকে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই গালিতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। রাবাদার পরের ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় নেন অভিজ্ঞ মুমিনুল হকও।
দলীয় ২ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম ২০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন। কিন্তু ১২ রান করা শান্তর অফ স্ট্যাম্প উপড়ে ফেলে আবারও আঘাত হানেন রাবাদা। এরপর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তানজিদ তামিমকে সঙ্গে নিয়ে ৯৯ রানের দারুণ এক জুটি গড়েন তাওহীদ হৃদয়।
ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়ে ১০৮ বলে ১২ চারের সাহায্যে ৬৭ রান করে রাবাদার বলে বোল্ড হন তানজিদ তামিম। পরের বলেই সাইমন হারমারের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে ফেরেন মুশফিকুর রহিম। এতে আবারও চাপে পড়ে যায় সফরকারীরা।
তবে একপ্রান্ত আগলে রেখে লিটন দাসকে সঙ্গে নিয়ে ২০৬ রানের মহাকাব্যিক এক জুটি গড়েন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টেই ডাবল সেঞ্চুরি করা হৃদয় ১৯৪ বলে সেঞ্চুরি পূরণের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। শেষ পর্যন্ত ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলে মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হয়ে তিনি ফিরলে প্রথম দিনের খেলা শেষ হয়।
এমএইচ
