ঢাকা, সোমবার   ১৬ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ২ ১৪৩৩

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে চাচাকে ‘বাবা’বানালেন বেলাল, অতঃপর...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ১০:০৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার

সরকারি চাকরির সোনার হরিণ বাগিয়ে নিতে জালিয়াতির এক চমকপ্রদ আশ্রয় নিয়েছেন মানিকগঞ্জের দৌলতপুরের মো. বেলাল হোসেন। মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে ছোটবেলা থেকেই শিক্ষাগত সনদ ও রাষ্ট্রীয় নথিপত্রে জন্মদাতা পিতার পরিবর্তে আপন চাচাকে ‘বাবা’ হিসেবে পরিচয় দিয়ে আসছেন তিনি। এই ভুয়া পরিচয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) সার্ভেয়ার পদে চাকরিও বাগিয়ে নিয়েছিলেন বেলাল। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর ইতোমধ্যেই চাকরি থেকে বরখাস্ত হয়েছেন তিনি।

অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে, দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গফুর মণ্ডলের বড় ছেলে বেলাল হোসেন। কিন্তু ২০১১ সালে চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসের সনদ, ডিপ্লোমা সনদ, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র—সবখানেই বাবার নামের জায়গায় আপন চাচা মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের (স্থানীয়ভাবে আজাদ মণ্ডল নামে পরিচিত) নাম ব্যবহার করেছেন তিনি। পরবর্তীতে ২০২০ সালে পানি উন্নয়ন বোর্ডে সার্ভেয়ার (প্রকৌশল) পদে আবেদনের সময়ও চাচাকে বাবা দেখিয়ে এবং তাঁর মুক্তিযোদ্ধা সনদ জমা দিয়ে কোটায় চাকরি নেন বেলাল।

এলাকাবাসী, স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের ভাষ্যমতে, ছোটবেলা থেকেই বেলাল তাঁর চাচা আবুল কালাম আজাদের বাড়িতে থেকে পড়াশোনা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি নিশ্চিত করেন যে, বেলাল মূলত গফুর মেম্বারেরই ছেলে, কিন্তু কোটা সুবিধা নিতেই কাগজপত্রে চাচার নাম ব্যবহার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম ও ব্যবসায়ী কামরুজ্জামানও একই তথ্য জানিয়ে বলেন, চাচার নাম ব্যবহার করে চাকরি নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও জটিলতা সৃষ্টি হয়েছে।

পারিবারিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বেলালের আপন ছোট ভাই ইব্রাহীম হোসেন হেলালও। তিনি জানান, তাঁরা চার ভাইবোন এবং বেলাল সবার বড়। আগে পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় বড় ভাই চাচা আবুল কালাম আজাদের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। ছোটবেলা থেকেই সব কাগজপত্রে চাচার নাম ব্যবহার করা হয়েছিল এবং চাচা তাঁর সম্পত্তির একটি অংশও বেলালকে দিয়ে গেছেন।

তবে ছেলেকে আড়াল করতে ভিন্ন সুরে কথা বলেছেন জন্মদাতা বাবা মো. গফুর মণ্ডল। তাঁর দাবি, তাঁর মাত্র এক ছেলে ও এক মেয়ে এবং বেলাল তাঁর ভাইয়ের ছেলে। অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্ত মো. বেলাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, “আপনি তো সব জেনেই কল দিয়েছেন। আমি বরখাস্ত হয়েছি। এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না।”

দাপ্তরিক পদক্ষেপের বিষয়ে জানতে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. সাদেকুর রহমানের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে বোর্ডের শৃঙ্খলা শাখায় যোগাযোগ করা হলে এ সংক্রান্ত তথ্যের জন্য লিখিত আবেদনসহ প্রধান কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

এমএইচ