ঢাকা, সোমবার   ১৬ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ২ ১৪৩৩

মার্কিন ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে ডিএফসি জানায়, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখে। 

এসব উদ্যোগ যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়তা করে। বাংলাদেশের এই নতুন যোগ্যতা অর্জনের ফলে বেসরকারি পুঁজিকে কাজে লাগিয়ে দেশের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে ডিএফসির সামনে এক নতুন দ্বার উন্মোচিত হলো।

সংস্থাটি আরও উল্লেখ করে, অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার বাড়লে বড় ধরনের বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে আটকে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া অনেক সহজ হবে। এসব বিনিয়োগ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, মৌলিক সেবায় সাধারণ মানুষের সুযোগ বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনবে।

ডিএফসির মতে, বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় ও উন্নয়নমুখী অনেক প্রকল্পই মূলধনের সীমাবদ্ধতা বা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের অনাগ্রহের মুখে পড়ে। এ ধরনের প্রতিবন্ধকতা দূর করে প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে ডিএফসির আর্থিক ও কারিগরি সহায়তা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

এ প্রসঙ্গে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, এই যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি দারুণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

অন্যদিকে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাসী। পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করার যে প্রকাশ্য অঙ্গীকার যুক্তরাষ্ট্রের রয়েছে, তা বাস্তবায়নে ডিএফসির এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উভয় দেশের সমৃদ্ধি বাড়াবে।

উল্লেখ্য, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর অবস্থান হওয়ায় ইন্দো-প্যাসিফিক অঞ্চল যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করা এবং এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিএফসি।

এমএইচ