রাশিয়ার ২টি সামরিক বিমান জাপানের আকাশসীমায়, যুদ্ধবিমান মোতায়েন টো
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৮ এএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
জাপানের আকাশসীমায় রাশিয়ার সন্দেহভাজন দুটি সামরিক বিমান প্রবেশের পর সেগুলোকে সতর্ক করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি। একই সঙ্গে এ ঘটনায় মস্কোর কাছে ‘অত্যন্ত কঠোর প্রতিবাদ’ জানিয়েছে জাপান সরকার।
মঙ্গলবার ভোর ৪টার কিছু পর জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা এলাকার ওকিনোশিমার কাছ দিয়ে বিমান দুটি জাপানের আকাশসীমায় প্রবেশ করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র মিনোরু কিহারা জানান, বিমান দুটিকে সতর্ক করতে দেশটির আত্মরক্ষা বাহিনীর যুদ্ধবিমান পাঠানো হয়।
তিনি বলেন, ‘রাশিয়ার বিমানের জাপানের জাতীয় আকাশসীমা লঙ্ঘন শুধু আমাদের দেশের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘনই নয়, এটি আমাদের নিরাপত্তার জন্যও হুমকি। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
কিহারা আরও বলেন, ‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়ার কাছে আমরা অত্যন্ত কঠোর প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও জোরালো দাবি জানিয়েছি।’
সাম্প্রতিক কয়েক সপ্তাহে মস্কো ও টোকিওর মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি সাংবাদিককে গ্রেফতার এবং রাশিয়ায় জাপান টোব্যাকোর সম্পদ জব্দের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
এদিকে, একইদিন দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কেএডিআইজেড) রাশিয়ার কয়েকটি সামরিক বিমান প্রবেশের পর যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি। একই সঙ্গে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় কৌশলগত সামরিক তৎপরতাও চালিয়েছে দক্ষিণ কোরিয়া।
এএইচ
