সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১২:৪১ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
ত্রিশ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়াতে শ্রমিকরা আজও বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার বাগবাড়িতে অবস্থিত সামস্ স্টাইলিংক ও যমুনা গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। অপরদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায়ও শ্রমিকরা বিক্ষোভ করে পার্শ্ববর্তী সড়কে অবস্থান নেয়।
পুলিশ জানান, সকাল থেকে শ্রমিকরা কাজে যোগদান করলে বেলা ১১টার দিকে বাগবাড়ির ওই দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও পরে পার্শ্ববর্তী হেমায়েতপু-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে। অপর একটি অংশ হেমায়েতপুর বাসষ্ট্যান্ডের একেএইচ কারখানার ঢাকা-আরিচা মহাসড়কের সামনে অবস্থান নেয়।
এ সময় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তাদের ছত্রভঙ্গ কলতে পুলিশ এ সময় কাঁদানে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
দুপুর ১২টার দিকে আরেকদল শ্রমিক রাজফুলবাড়িয়া ও উলাইলেও বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও থেমে থেমে বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে পুলিশের সাথে।
এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধশত পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এএইচ
