রামিসা হত্যা: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০১ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০১:০৪ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। হাইকোর্ট বলেছে, মৃত্যুদণ্ডই তার উপযুক্ত শাস্তি। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত বলেছেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
এদিন মামলার রায় শুনতে হাইকোর্টে উপস্থিত হন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। আদালতে উপস্থিত হয়ে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। পরে লাশ খণ্ডবিখণ্ড করে ফ্ল্যাটের শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। ওই বাসা থেকেই তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
হাইকোর্টে শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে।
এর আগে এ বছরের ৭ জুন শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।
এএইচ
