পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য মামলার শুনানি ২৩ ডিসেম্বর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০২:২৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য সকাল সাড়ে ১০ টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হয়। পরে আদালতে এসে জানতে পারি মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।
তিনি আরও বলেন, পরে সিএমএম এসে পরীমণির হাজিরা করানো হয়। এরপর বিচারক চার্জগঠন বিষয়ের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ ছিল। কিন্তু সেদিন পরীমণি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর ধার্য করা হয়।
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরীমণি। তার কয়েক দিন পরে ওই বছরের ৪ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমণি।
ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলার অপর দুই আসামি হলেন পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার।
এ মামলায় ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ হয়। পরে এই মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমণি হাইকোর্টে আবেদন করেন।
২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমণির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলাটি উচ্চ আদালতে পুনরায় চার্জ গঠনের আদেশ আসে।
এএইচ
