ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৩ ১৪৩৩

একনেক সভা আজ, উঠছে ২১ প্রকল্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। সভায় নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাবও আলোচনায় আসবে।

বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ থেকে প্রকাশিত সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের সপ্তম সভা।

সভায় কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের প্রকল্প নিয়ে আলোচনা হবে।

নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় স্থানীয় সরকার বিভাগের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় দেশের বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন প্রতিরোধের প্রকল্প রয়েছে। এর মধ্যে মেট্রো ঢাকা প্রকল্পের গোঁদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পও রয়েছে।

এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকায় আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রকল্প তালিকায় রয়েছে।
 
অর্থ-সামাজিক অবকাঠামো খাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন, আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে।

অন্যদিকে চলমান প্রকল্পের তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প।

সভায় দেশের শিশু-কিশোরদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সেতুর স্থলে সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের প্রকল্পও আলোচনায় আসবে।

এদিকে পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত ১৪টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হবে। এর মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদারকরণ, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন এবং ইউএসএআইডি প্রতিবেশ প্রকল্প (অসমাপ্ত রেখে সমাপ্তকরণ)।

কৃষি মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও অবহিতকরণের তালিকায় রয়েছে। 

এএইচ