ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৪ ১৪৩৩

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০১:৪৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

ভারতে অবস্থানরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ আইনি নোটিশ পাঠান। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য। 

জনস্বার্থে সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ সাংবিধানিক দায়িত্ববোধ থেকে এই আইনি নোটিশটি প্রেরণ করেন।

নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।

আইনি নোটিশে নোটিশদাতা স্পষ্ট করেন যে, তিনি কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে নন; বরং সংবিধানের অনুচ্ছেদ ২১(১) অনুযায়ী দেশের সার্বভৌম স্বার্থ, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে এই দায়িত্ব পালন করছেন।

নোটিশদাতা আশঙ্কা প্রকাশ করেন যে, ইয়েমেন ও ইউক্রেনের অনুরূপ ভূ-রাজনৈতিক পরিণতি এড়াতে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈরিতা বা সশস্ত্র সংঘাত প্রতিরোধ করতে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের সার্বভৌম এখতিয়ারে ফিরিয়ে আনা অপরিহার্য।

দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে গঠনমূলক আইনি ও প্রশাসনিক পরামর্শ হিসেবে ৭টি ধাপ বিবেচনার কথা উল্লেখ করেন নোটিশদাতা।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা চাওয়া যেতে পারে। এ ছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তার আত্মসমর্পণ, গ্রেপ্তার এবং দেশে প্রত্যাবর্তনের জন্য ট্রাভেল পারমিট বা ট্রাভেল পাস ইস্যুর প্রস্তাব দেওয়া হয়েছে।

দেশে ফেরার পর তার নিরাপত্তা ও অবস্থান নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল বা উপকারাগার হিসেবে ঘোষণার প্রস্তাবও রয়েছে। পাশাপাশি পুলিশের নিরাপত্তায় তাকে সেখানে নেওয়ার কথা বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের সুযোগ এবং অন্যান্য বিচারাধীন মামলার কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার ব্যবস্থা রাখা যেতে পারে।

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে তাকে লিখিতভাবে অবহিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট করার কথা জানিয়েছেন তিনি।

ঐ.মিষ্টি //এএইচ