শিল্পকলার নাট্যশালায় মঞ্চস্থ হচ্ছে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ নাট্যোৎসব’-এ মঞ্চস্থ হতে যাচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা ‘নৃপতি’। নাটকটির নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজা। এতে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও শাসকের খামখেয়ালিপনার চিত্র তুলে ধরা হয়েছে।
নাটকের গল্পে দেখা যায়, একজন শাসক জনগণের চাহিদা ও প্রত্যাশাকে উপেক্ষা করে নিজের ইচ্ছামতো শাসন পরিচালনা করেন। তীব্র শীতে সাধারণ মানুষের দুর্ভোগ বসন্তের কৃত্রিম আনন্দ দিয়ে আড়াল করার চেষ্টা করেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে দমিয়ে রাখার অপচেষ্টাও চালান।
নাটকটির মাধ্যমে দুঃশাসন ও ক্ষমতার দম্ভের বিপরীতে মানুষের অধিকার আদায়ের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। পাশাপাশি স্বৈরশাসনের পতন এবং জনতার জাগরণের বার্তাও তুলে ধরা হয়েছে।
নির্দেশক বদরুদ্দোজা বলেন, ক্ষমতার অপব্যবহার করে সাময়িকভাবে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হলেও বিপ্লবী জনতা কখনো ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী হতে দেয় না। জনগণ একসময় নিজেদের অধিকার আদায় করে নেয়। এই বিষয়টি হুমায়ূন আহমেদ নাটকটিতে সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। তাঁর অনুরোধেই তৎকালীন সময়ে নাটকটি রচিত হয়েছিল।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, নীলুফার ওয়াহিদ পাপড়ি, মোহাম্মদ শাহ আলম, সোহেল রানা বয়াতি, মাহিন রহমান, অভিক মজুমদার, সৈয়দ প্রিন্স হাসান রনি, আরিফ রানা, ওবায়দুল হক মারুফ, দীপ্তি পোদ্দার, রাসেল হোসেন, সাইফ শাহিন, আশরাফুল আলম, ফয়েজ নাসির, মৌসুমি বেগম ঢাকাইয়া ও এস এম সাগরসহ আরও অনেকে।
বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তির এই আয়োজনে ‘নৃপতি’র প্রদর্শনীর মধ্য দিয়ে দর্শকরা নতুন করে মঞ্চে উপভোগ করার সুযোগ পাবেন হুমায়ূন আহমেদের প্রথম নাট্যসৃষ্টি।
ঐ.মিষ্টি //
