রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসের জামিন নামঞ্জুর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াসের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তবে একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থতা এবং নারী বিবেচনায় মারজিয়া খন্দকার রিমিকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। তবে আল নূর মোহাম্মদ আয়াসের জামিন আবেদন নাকচ করা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
আইনজীবী আরও বলেন, এ মামলার অপর দুই আসামি সাকিবুল হাসান ও মো. সুজন মিয়া কারাগারে আছেন। তাঁদের পক্ষে আজ জামিনের আবেদন করা হয়নি।
এর আগে গত ১০ অক্টোবর আল নূর মোহাম্মদ আয়াস, মারজিয়া খন্দকার রিমি, সাকিবুল হাসান ও মো. সুজন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের প্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা করেন একদল তরুণ।
এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে দেখা যায়। তখন এক পুলিশ সদস্য তাঁকে বাধা দেন।
এ ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে শাহবাগ থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে যান রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসসহ কয়েকজন। সেখান থেকে আয়াস ও তাঁর সঙ্গীদের আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
এমএইচ
