ডিসেম্বরে বিএনপির বড় কর্মসূচি ঘোষণা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২২ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
৫-ই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষিত ডেডলাইন ডিসেম্বরকে ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটি রাজপথে সর্বশক্তি নিয়োগের প্রস্তুতি নিচ্ছে।
আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দিয়েছে দলটির হাইকমান্ড।
এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় রাখার পাশাপাশি দলীয় সংসদ-সদস্যদেরও রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চায় দলটি।
ডিসেম্বরজুড়ে বিজয় দিবস, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বর্ষপূর্তি ও খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়েও রাজপথে নিজেদের শক্তিশালী উপস্থিতি জানান দিতে চায় বিএনপি।
৯ নভেম্বর জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ-সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেছেন, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।
এর আগে বিভিন্ন বক্তব্যেও তিনি পলাতক স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছেন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিভিন্ন মহলের উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তিনি।
ডিসেম্বরের মধ্যে চব্বিশের গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।
যদিও কবে এবং কীভাবে তিনি ফিরবেন, তা এখনো অনিশ্চিত। অনেক পর্যবেক্ষক তার এই ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মনে করলেও বেশ কিছু দিন ধরে দলটির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
দেশের পোশাক খাতে অস্থিরতার নেপথ্যেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে সরকারি পদক্ষেপের পাশাপাশি সাংগঠনিকভাবে বিএনপি মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।
কারণ, দেশের রাজনীতিতে আলোচনা আছে, হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা চালাতে পারে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা এরই প্রমাণ বলে মনে করা হচ্ছে।
তবে হাসিনার ঘোষণা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। ৯ নভেম্বর সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, হাসিনা ফিরতে চাইলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ১৭ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদও জানিয়েছেন প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া ছাড়া তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ নেই।
দলটির কেন্দ্রীয় নেতারা মনে করেন, ডিসেম্বরে হাসিনা ফিরবে না; তবে ভারতে বসে নানা ষড়যন্ত্র চালিয়ে যাবে। এমনকি দেশের অভ্যন্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা নাশকতার সৃষ্টির চেষ্টা করতে পারে। এ অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তার দিকটি বিবেচনায় রেখে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবেন।
তাদের ধারণা, আওয়ামী লীগ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে বিএনপির পাশাপাশি সাধারণ জনগণ প্রতিহত করবে। এছাড়া ফ্যাসিবাদবিরোধী অন্য রাজনৈতিক দলগুলোও মাঠে নামবে বলেও আশা করছেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অপরাধে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা সরকারের দায়িত্ব।
তিনি বলেন, প্রশাসন অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। আমাদের নেতাকর্মীরা সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে রাজপথেই আছেন।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, ডিসেম্বরের কর্মসূচিকে শুধু দিবসভিত্তিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না দলটি। এসব কর্মসূচির মধ্য দিয়ে সাংগঠনিক উপস্থিতি জোরালো করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের সম্ভাব্য তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নজর রাখছেন দলের নেতারা।
ডিসেম্বরের কর্মসূচি সামনে রেখে ১৫ নভেম্বর দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা অংশ নেন। বৈঠকে ডিসেম্বরজুড়ে দল ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়। বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
বৈঠক সূত্র জানায়, কর্মসূচির মধ্যে থাকবে বিক্ষোভ সমাবেশ, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। কেন্দ্রীয় বিএনপির পাশাপাশি অঙ্গসংগঠনগুলোও নিজ নিজ উদ্যোগে কর্মসূচি ঘোষণা করবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকেও এ বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার নীতিগত অবস্থান হিসাবে দলটি এই উদ্যোগ নিয়েছে।
বিএনপির নেতারা মনে করছেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা সাংগঠনিক শক্তিকে সরকার পরিচালনার পাশাপাশি রাজনীতির মাঠেও কার্যকর রাখতে হবে।
এজন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বাড়ানো, অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম জোরদার এবং পেশাজীবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এরই অংশ হিসাবে ডিসেম্বরের শুরু থেকেই বিজয় দিবসের কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চারটি সাংগঠনিক বিভাগে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর ব্যানারে কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে দলীয় অবস্থান তুলে ধরতে চায় বিএনপি। পরিকল্পনার অংশ হিসাবে ১৬ ডিসেম্বর ঢাকায়, ১৭ ডিসেম্বর চট্টগ্রামে, ১৮ ডিসেম্বর বগুড়ায় এবং ১৯ ডিসেম্বর খুলনায় এসব আয়োজন করা হবে।
পাশাপাশি কেন্দ্রীয়ভাবে বিজয় দিবসের কর্মসূচিও পালন করা হবে। তবে সাম্প্রতিক বৈঠকের পর কর্মসূচির চূড়ান্ত সময়সূচি ও ধরন স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
এদিকে ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এক বছর পূর্ণ হবে। ২০২৫ সালের এই দিনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। পরে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি।
দিনটিকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনৈতিক পথচলার বিষয়টিও তুলে ধরতে চান নেতারা।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে স্মরণসভার আয়োজনের পরিকল্পনা রয়েছে। মৃত্যুবার্ষিকীতে বিএনপিও বড় পরিসরে স্মরণ ও দোয়া কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে।
এমএইচ
