ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৪ ১৪৩৩

২২ বছর পর আজ লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের এ জেলায় সফরে গিয়ে তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাত্রা করবেন। 

সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

পরে দুপুরে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এসময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

তাঁর সফরকে কেন্দ্র করে সীমান্ত জেলা লালমনিরহাটে এখন উৎসবের আমেজ, সাজ সাজ রব।

সরকারপ্রধানের এই সফরকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিনের অবহেলিত এই সীমান্ত জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বড় ধরনের প্রত্যাশা জেলাবাসীর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ সব ক্ষেত্রেই উন্নয়নের প্রত্যাশা জেলার মানুষের।

কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এএইচ