ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৪ ১৪৩৩

ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ, কাঁঠালবাগানে একই পরিবারের ৫ জন দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঞ্চন টাওয়ার নামের ওই ভবনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সাড়ে ৮ টার দিকে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আহত পাঁচজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দগ্ধদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিদগ্ধ পাঁচ রোগী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

এএইচ