ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৪ ১৪৩৩

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ছবি ভিডিও থেকে নেওয়া।

ছবি ভিডিও থেকে নেওয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পর তিস্তাপারের এ জেলায় সফরে গেলেন তিনি। একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

এ সময় তাঁকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগের ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের পথে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের পথে যাত্রা করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

এএইচ