পোশাককর্মীকে জোরপূর্বক আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে জোরপূর্বক আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়েছে। গত ১৪ নভেম্বর রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- বাছেদ মিয়া, সোলেমান ও আশরাফুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৫টায় ওই নারী পোশাককর্মী রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তার কারখানার সুপারভাইজারের সঙ্গে দেখা হলে কথাবার্তার একপর্যায়ে কয়েকজন যুবক তাদের পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখে। এ সময় তাদের মারধর করে ও ২০ হাজার টাকা দাবি করে।
পরে সহকর্মীকে ছেড়ে দিয়ে তারা ওই নারী শ্রমিককে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ওই নারী আত্মরক্ষার জন্য দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।
গেল রাতে বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ
