ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৫ ১৪৩৩

১৬ ডিসেম্বর বিজয় র‌্যালিসহ ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪১ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীসহ মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, ব্যবসায়ী সম্মেলন, বিজয় র‌্যালি, রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর শনিবার দুপুর ১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।

২৫ নভেম্বর ঢাকার বাইরে দেশের ১১টি মহানগরে একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন করবে জামায়াতের মহিলা বিভাগ। ২৬ নভেম্বর দেশের সব জেলা সদরে একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।

২৯ নভেম্বর ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি প্রকাশে ঢাকায় আলোচনা সভা এবং ৩০ নভেম্বর দেশের সব উপজেলা ও থানা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।

তৈরি পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট নিয়ে ২ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা করবে জামায়াত। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও তত্ত্বাবধায়ক সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি পালন করবে দলটি।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতের আইনজীবীরা কর্মসূচি পালন করবেন। ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান গোলাম পরওয়ার।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীসহ দেশের সব শাখায় বিজয় র‌্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করবে দলটি।

এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির শেষ পর্যায়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত বীর ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাসকে সামনে রেখে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। এ বছর নির্বাচন ও গণভোটের পরও জনগণকে রাজপথে রেখে কর্মসূচি পালন করতে হচ্ছে, এমন পরিস্থিতি তারা প্রত্যাশা করেননি।

তিনি বলেন, সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন করবে এবং জাতীয় সংকট নিরসনে উদ্যোগ নেবে— এটাই তাদের প্রত্যাশা। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন এবং ফ্যাসিবাদের পুনর্বাসন ও পুনরুত্থানের চেষ্টার প্রতিবাদেও এসব কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। 

এমএইচ