জাল নথি ব্যবহার করে ইত্তেফাকের প্রকাশক পদ থেকে সরানোর অভিযোগ তারিনের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০২ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২২ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
দৈনিক ইত্তেফাকের প্রকাশক পদ থেকে ভুয়া আবেদন ও জাল নথির মাধ্যমে সরিয়ে দেওয়ার কথিত প্রচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন তারিন হোসেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
তারিন হোসেন বলেন, পত্রিকার প্রকাশক পরিবর্তনের জন্য তিনি কখনও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে আবেদন করেননি, এ-সংক্রান্ত কোনও নথিতে স্বাক্ষর করেননি, কিংবা এমন কোনও প্রক্রিয়া শুরু করার জন্য কাউকে ক্ষমতাও দেননি।
তার নামে জমা দেওয়া আবেদনটিকে সাজানো ও জাল আখ্যা দিয়ে তিনি বলেন, এর ভিত্তিতে কোনও অনুমোদন দেওয়া হলে তা আইনগত ও প্রশাসনিকভাবে অকার্যকর হবে।
বিবৃতিতে বলা হয়, ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেনও এই কথিত প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিলেন না।
এতে আরও বলা হয়, কোম্পানির পরিচালনা পর্ষদের কোনও সদস্যের অগোচরেই এই কথিত জালিয়াতির ঘটনা ঘটেছে।
বর্তমানে বিদেশে অবস্থানরত তারিন তার নামে জমা দেওয়া আবেদনটির সত্যতা ও উৎস অবিলম্বে যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রকাশক পরিবর্তনের প্রস্তাব নিয়ে ১৮ নভেম্বর বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেরও বিরোধিতা করা হয়েছে বিবৃতিতে; এসব প্রতিবেদনে তার রাজনৈতিক সম্পৃক্ততা, পত্রিকার আর্থিক লেনদেন এবং পরিচালনা পর্ষদ সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ার দাবি অস্বীকার করে তারিন বলেন, তিনি কখনোই এমন কোনও পদে ছিলেন না বা সংগঠনটির সদস্যও ছিলেন না।
পত্রিকার আয়ের একটি বড় অংশ তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে—এমন অভিযোগও নাকচ করেন তিনি।
বিবৃতি অনুযায়ী, পত্রিকার ডিজিটাল কার্যক্রমের আয় ইত্তেফাকের দাফতরিক করপোরেট ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হতো।
প্রতিবেদনগুলোর দাবির বিপরীতে বিবৃতিতে আরও স্পষ্ট করা হয় যে, তার সাবেক স্বামী দৈনিক ইত্তেফাকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন না।
সংবাদমাধ্যমগুলোকে বিতর্কিত তথ্য সংশোধন করার এবং তারিন ও দৈনিক ইত্তেফাক সম্পর্কে আর কোনও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পত্রিকাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
যথাযথ তথ্য যাচাই বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্তব্য না নিয়েই প্রতিবেদন প্রকাশ করায় গণমাধ্যমগুলোর সমালোচনা করে কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের চর্চা পেশাদার সাংবাদিকতার মানদণ্ডের পরিপন্থী।
সংবাদ মাধ্যমকে তারিন বলেন, বিষয়টি বাবা ও মেয়ের মধ্যকার কোনও বিরোধ নয়। তিনি বলেন, “এই আবেদনটি দাখিল করা হয়েছে, তা আমার বাবা বা আমি—কেউই জানতাম না।”
এমএইচ
