আইসিজের ঐতিহাসিক রায়কে ‘রোহিঙ্গাদের বিজয়’বললেন গাম্বিয়ার বিচারমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৫ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে রোহিঙ্গাদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো। তিনি মনে করেন, দীর্ঘ বছরের নিপীড়ন ও দুর্ভোগের পর এই রায় নির্যাতিত রোহিঙ্গাদের মনে নতুন করে বিশ্বাস ও আশার সঞ্চার করবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাউদা জালো বলেন, ‘এই বিজয় রোহিঙ্গাদের। তারা টিকে থেকেছেন, সাক্ষ্য দিয়েছেন। আর আজ তারা বিশ্বাস করবেন।’
উল্লেখ্য, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের বিচার চেয়ে ২০১৯ সালে আইসিজেতে মামলাটি দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের আন্তর্জাতিক গণহত্যা সনদের আওতায় করা এই মামলায় গাম্বিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে পাশে দাঁড়ায় ৫৭ সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।
বৃহস্পতিবার ৯-৬ ভোটে দেওয়া ওই ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত। রায়ে বলা হয়, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে। আদালত দেশটিকে অবিলম্বে এই অপরাধে জড়িতদের তদন্ত ও বিচারের মুখোমুখি করার পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ক্ষতির পূরণ কেবল সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষেত্রে রোহিঙ্গা ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত। রায় অনুযায়ী, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং তাদের সম্পত্তি পুনরুদ্ধারের অগ্রগতি বিষয়ে আগামী দুই বছরের মধ্যে আইসিজেতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। তবে ক্ষতিপূরণের অঙ্ক ও প্রক্রিয়া আদালতের পরবর্তী ধাপে চূড়ান্ত করা হবে।
রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া উল্লেখ করেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক কনভেনশনের বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইনে গণহত্যা সংঘটিত করেছে। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার নিরস্ত্র রোহিঙ্গাকে হত্যা করেছে; চালিয়েছে ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নির্যাতন। এমনকি প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার সময়ও তাদের ওপর হামলা চালানো হয়।
বিচারকদের মতে, সহিংসতার ভয়াবহতা ও ধরন সাধারণ সামরিক প্রয়োজনীয়তার সীমা ছাড়িয়ে গিয়েছিল, যা স্পষ্টতই রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের প্রমাণ দেয়। এছাড়া, নিরাপত্তা বাহিনীর সাথে যুক্ত বেসামরিক ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়া এবং অপরাধীদের শাস্তি না দেওয়ার দায়েও মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
রায়ে মিয়ানমারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বলা হয়েছে, রোহিঙ্গাদের হারানো বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে কিংবা সমপরিমাণ সম্পত্তির ব্যবস্থা করতে হবে। একইসাথে সহিংসতায় আহতদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের দায়িত্বও মিয়ানমারকে নিতে হবে।
এমএইচ
