পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৫১ বস্তা টাকা, চলছে গণনা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
প্রায় ৫ মাস পর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৫১ বস্তা টাকা, এখন চলছে গণনার কাজ। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ-রূপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দান সিন্ধুকে।
আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
এসময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ৫১টি বস্তায় ভরে এসব টাকা নেয়া হয় ওই মসজিদের দোতলায়। মেঝেতে ঢেলে মাদ্রাসার প্রায় ৪০০ জন ছাত্র-শিক্ষক ও রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা টাকাগুলো গণনা করছেন। টাকার নিরাপত্তায় রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।
দিনভর গণনা শেষে আজ সন্ধ্যায় টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, গত বছর ডিসেম্বরে সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্স গুলো খোলা হয়েছিল। এবার প্রায় ৫ মাস পর দানবাক্স খুলে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। সারাদিন গণনার পর জানা যাবে মোট কত টাকা পাওয়া গিয়েছে। আশা করা যায়, এবার টাকা পূর্বের রেকর্ড ছাড়াতে পারে।
এর আগে চলতি বছরের ২৭ জুন এ মসজিদের দান বাক্সে ৬ মাসে পাওয়া গিয়েছিলো ৪৩ বস্তা টাকা। দিন শেষে গণনা করে যার পরিমাণ দাঁড়িয়েছিল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমান স্বর্ণ-রূপার অলঙ্কার ও বৈদেশিক মুদ্রা।
চলতি বছরের ১২ অক্টোবর পাগলা মসজিদের ছয় বছরে প্রাপ্ত ‘রত্নভান্ডার’ থেকে পাওয়া যায় ১২ কেজি ১৭৪ গ্রাম সোনা ও ১২ কেজি রূপা। তার সঙ্গে মিলেছে ৩০টি দেশের বিদেশি মূদ্রা। সবশেষ সোনা রূপার হিসাব হয়েছিল ২০২০ সালের ১১ মার্চ। ওই সময় প্রায় তিন বছরে জমা হওয়া ৪২০ ভরি সোনা ও ১৮৮ ভরি রূপা নিলামে বিক্রি করা হয়। সেটির দাম পাওয়া যায় ১ কোটি ১১ লাখ ১০ হাজার ১২০ টাকা।
এ ছাড়া বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া যায় ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা। ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত দানবাক্স খোলা হয়েছে ১৮ বার। কিন্তু সোনা-রূপা পরিমাপ ও বৈদেশিক মুদ্রা গণনার আয়োজন এবছরই প্রথম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সব মিলিয়ে জমা আছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। পাশাপাশি মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনুদান হিসেবে এসেছে আরও ৩৯ লাখ ৩২ হাজার ৯০৬ টাকা।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে।
এএইচ
