ঢাকা, শনিবার   ২১ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৭ ১৪৩৩

মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ডে কাবিল খানের সেরা পুরস্কার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার

রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রোসসোত্রুদনিচেস্তভো অনেস্ট ভিউ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’ এ ‘পেশাদার জনরা সাংবাদিকতা’ ক্যাটাগরিতে সেরা পুরস্কার জিতেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবদুল কাবিল খান। এর মধ্যদিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব অর্জন করলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১০০ জন চূড়ান্ত মনোনীত সাংবাদিক, প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৮৫টি দেশ থেকে ৮০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে বাছাই করে ১০০ জনকে চূড়ান্তভাবে আমন্ত্রণ জানানো হয়। ছয়টি ক্যাটাগরিতে মোট ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের জন্য মোট পুরস্কারমূল্য ছিল ৭০ লাখ রুবল।

বাংলাদেশ থেকে আমন্ত্রিত পাঁচ সাংবাদিকের মধ্যে কাবিল খান সেরা পুরস্কার অর্জন করেন। এছাড়া সম্মাননা পুরস্কার পেয়েছেন সময় টেলিভিশনের সহযোগী জৈষ্ঠ্য প্রতিবেদক আবু সাঈদ নিশান, দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, দ্য সাটল টাইমসের জৈষ্ঠ্য প্রতিবেদক মাজহারুল ইসলাম ও রূপসী বাংলার সম্পাদক গৌতম কুমার।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি আমন্ত্রিত সাংবাদিকদের জন্য আয়োজন করা হয় পাঁচ দিনব্যাপী বিশেষ সফরের। এ সময় তাদের রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ঘুরে দেখানো হয় মস্কোর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। এর মাধ্যমে বিভিন্ন দেশের সাংবাদিকরা রাশিয়ার সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্য, জীবনধারা ও সাংস্কৃতিক বৈচিত্র্য কাছ থেকে জানার সুযোগ পান।

এই সফরে আমন্ত্রিত সাংবাদিকদের বিমানযাত্রা, আবাসন, খাবার ও যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করে রাশিয়ান ফেডারেশন।

আন্তর্জাতিক পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংস্কৃতিক ও মানবিক সংলাপকে উৎসাহিত করতে ২০২২ সাল থেকে রোসসোত্রুদনিচেস্তভো এ পুরস্কার দিয়ে আসছে। পাঁচ বছরের পথচলায় আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে এ পুরস্কারটি বিশেষ পরিচিতি অর্জন করেছে।

আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের সাংবাদিকদের অংশগ্রহণ, পুরস্কার ও সম্মাননা অর্জন দেশের গণমাধ্যমের জন্য যেমন গর্বের, তেমনি বিশ্বমঞ্চে বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতার স্বীকৃতিও।

এএইচ