বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলন আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
বেসরকারি বৈশাখী টেলিভিশনের ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে বৈশাখী টিভিতে একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়। পরে পুলিশ মিলনকে থানায় আটক করে নিয়ে যায়।
মিলনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যাকাণ্ডের মামলা রয়েছে।
জানা গেছে, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে টেলিভিশনটির কার্যালয়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এতে চ্যানেলটির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে বনানী থানার ওসি খালেদ মুনসুর আমার দেশকে জানান, একটি অপ্রীতিকর পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ওই টেলিভিশনের কার্যালয়ে যায়। পরে সেখান থেকে মিলনকে আটক করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈশাখী টিভির এক কর্মী গণমাধ্যমকে জানান, ‘পদ-পদবি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। হাতাহাতির ঘটনা ঘটলে পরে পুলিশ ঘটনাস্থলে আসে।’
তিনি আরও জানান, কয়েক দিন আগে ডিবিসি টেলিভিশনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এখানেও তেমন একই ধরনের ঘটনা ঘটেছে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। টিপু ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ সংঘটিত হত্যা মামলার আসামি।
এএইচ
