শাহজালালে সাড়ে ১১ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার, আটক ৩
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৯ এএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে পাচারের সময় প্রায় সাড়ে ১১ কোটি টাকা মূল্যের সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান চক্রের সন্দেহভাজন তিন সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মুন্সিগঞ্জ সদরের মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারামের মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়ার মো. শাওন (৩৯)।
এয়ারপোর্ট এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে এপিবিএন কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে বস্তুগুলো ২৪ ক্যারেট স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
এপিবিএনের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করতেন। সেখান থেকে বিশেষ কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে অপর দুই সহযোগীসহ একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে চোরাচালান করতেন। দীর্ঘদিন ধরে চক্রটি বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, কয়েক দিন ধরে গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছিল, একটি চক্র পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার এবং তিনজনকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিমানবন্দরে চোরাচালান ও অপরাধ দমনে এপিবিএনের অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এয়ারপোর্ট এপিবিএন।
এএইচ
