খুলনায় বাড়ির সামনে যুবদল কর্মীকে গুলি
খুলনা প্রতিনিধি
প্রকাশিত : ০৯:১৪ এএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার
খুলনার তেরখাদায় বাড়ির সামনে মাফিক সরদার (৪০) নামে এক যুবদল কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, মোকামপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে পৌঁছালে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত মাফিক সরদারকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর একটি পা, একটি হাত ও কোমরে গুলিবিদ্ধ হন তিনি। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাফিক সরদার তেরখাদার মধুপুর ইউনিয়নের মোকামপুর এলাকার আবুল সরদারের ছেলে।
তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিল। মাফিজুর রহমানের বাম হাত, বাম পা ও কোমরের বাঁ পাশে তিনটি গুলি লাগে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এএইচ
