ঢাকা, রবিবার   ২২ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৭ ১৪৩৩

সরকার গঠনে নেতানিয়াহুর দলকে আলোচনায় ডাকলেন আইজেনকট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১ এএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী লিকুদ পার্টিকে জোট আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন গাদি আইজেনকট। 

শনিবার (২১ নভেম্বর) আইজেনকটের মধ্যপন্থী ইয়াশার পার্টি এ তথ্য জানিয়েছে। 

আজ রোববার (২২ নভেম্বর) থেকে দুই দলের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। 

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।

ইয়াশার পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য সব পথ বিবেচনায় নিয়ে যতটা সম্ভব বিস্তৃত একটি সরকার গঠনের লক্ষ্যে লিকুদ পার্টির সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করা হচ্ছে। তবে আইজেনকটের রাজনৈতিক জোটের মধ্যে সরকার গঠনে কাদের অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে। বিশেষ করে অতি-রক্ষণশীল ইহুদি দল, আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সঙ্গে জোট কিংবা নেতানিয়াহুর দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন—এই তিনটি বিকল্প নিয়ে আলোচনা চলছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আইজেনকটের নেতৃত্বে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, তার দল নেতানিয়াহু বা তার রাজনৈতিক জোটের সঙ্গে সরকার গঠনে অংশ নেবে না।

অন্যদিকে নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে আইজেনকট নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যদের নিয়ে সরকার গঠনে আগ্রহ দেখালেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ না দেওয়ার অবস্থান আগেই জানিয়েছেন।

এদিকে জোট আলোচনায় অগ্রগতি না হলে বিকল্প হিসেবে সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব সংসদে তোলার কথাও জানিয়েছেন আইজেনকট। ফলে নতুন সরকার গঠন নিয়ে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে।

শুক্রবার আইজেনকোট প্রতিশ্রুতি দেন, সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না তিনি। বৃহত্তর রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে সংসদে ভোটাভুটির জন্য একটি সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাবও উত্থাপন করতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

ঐ.মিষ্টি //