ঢাকা, রবিবার   ২২ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জিতলেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার

মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমে আবারও গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এর মধ্য দিয়ে লিগটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক।

শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ শুরুর আগে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস।

২০২৬ মৌসুমে নিয়মিত লিগে ৩১ ম্যাচ খেলে ২৬টি গোল করেছেন ৩৯ বছর বয়সী মেসি। গোলসংখ্যার দিক থেকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এফসি ডালাসের পেতার মুসা। ২২ গোল নিয়ে দ্বিতীয় এবং ন্যাশভিলের স্যাম সারিজ ২১ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন।

গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১৭টি গোল করিয়েছেন মেসি। ফলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তাঁর মোট অবদান ৪৩টি। প্রতি ম্যাচে গোলের গড় ছিল ০.৮৪, যা এবারের মৌসুমে সর্বোচ্চ।

এর আগে ২০২৫ মৌসুমেও ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এবারও পুরস্কার জিতে লিগটির ইতিহাসে টানা দুই মৌসুমে এই স্বীকৃতি পাওয়া প্রথম ফুটবলার হয়েছেন তিনি। 

সব মিলিয়ে এমএলএসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জয়ের কীর্তিও গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলীয়ভাবেও ভালো অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। ২০২৫ সালে প্রথমবার এমএলএস কাপ জয়ের পর এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে খেলছে দলটি। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান অর্জন করে প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ কলম্বাস ক্রু।

এদিকে, ২০২৬ সালের এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় (এমভিপি) পুরস্কারের জন্যও মনোনীত হয়েছেন মেসি। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার এই স্বীকৃতি পাওয়া আর্জেন্টাইন তারকার সামনে এবার টানা তৃতীয়বারের মতো এমভিপি হওয়ার সুযোগ রয়েছে।

ঐ.মিষ্টি /