ঢাকা, রবিবার   ২২ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

গঙ্গার পানি বণ্টন নিয়ে ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার

গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ পরিমাপ, পর্যবেক্ষণ এবং পানি বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময়ে ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)। 

আজ রোববার (২২ নভেম্বর) শুরু হওয়া দুই দিনের এ বৈঠক চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। 

তবে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের আলোচ্যসূচিতে রাখা হয়নি।

যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধিদল পাবনার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গঙ্গা নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করবে। এতে অংশ নিতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে ভারতের প্রতিনিধিদল।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে প্রতি ১০ দিন অন্তর পানিপ্রবাহ পরিমাপ ও বণ্টনের বিধান রয়েছে। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ায় বিদ্যমান চুক্তির আওতায় এটিই শেষ আনুষ্ঠানিক কারিগরি বৈঠক হতে যাচ্ছে।

এদিকে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সেটি নবায়ন অথবা নতুন চুক্তির বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। ভবিষ্যতে চুক্তি নবায়ন করা হলে বাংলাদেশের জন্য নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ যুক্ত করার দাবি রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। পরে ১৯৯৬ সালে নতুন করে ৩০ বছর মেয়াদি চুক্তি করা হয়। তবে শুষ্ক মৌসুমে গঙ্গা ও পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দুই দেশের রাজনৈতিক দূরত্ব চুক্তি নবায়ন বা নতুন চুক্তির আলোচনা জটিল করে তুলতে পারে। তাই গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ এবং বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

ঐ.মিষ্টি /