ঢাকা, রবিবার   ২২ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

বিশ্বজুড়ে রামায়ণ’র আয় ১,৬০০ কোটি রুপি ছাড়াল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার

বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পাশাপাশি বিতর্কেও আলোচনায় উঠে এসেছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি মুক্তির ১৭তম দিনে বিশ্বব্যাপী ১ হাজার ৬০০ কোটি রুপির বেশি আয় করেছে। 

আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ‘Ramayana: Rise of a Legend’ নামে পরিচিত।

ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ নভেম্বর তৃতীয় শনিবারে সিনেমাটির ভারতীয় নেট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৪০ লাখ রুপি। আগের দিন শুক্রবারের ১৫ কোটি ৭৫ লাখ রুপির তুলনায় আয় বেড়েছে ৭৪ শতাংশ। এদিন ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটির ১৫ হাজার ৮৫১টি শো প্রদর্শিত হয়। মুক্তির ১৭ দিনে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৯০৬ কোটি ৯০ লাখ রুপি।

এদিকে, ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস আয় ১ হাজার ৮৩ কোটি ৭০ লাখ রুপি এবং বিদেশের বাজারে আয় ৫৩৩ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬১৬ কোটি ৭০ লাখ রুপি। এর আগে টানা পাঁচ দিন দৈনিক আয় কমলেও তৃতীয় শনিবারে আবারও ঘুরে দাঁড়িয়েছে সিনেমাটি।

তবে সিনেমাটির সাফল্যের পাশাপাশি বিতর্কও তৈরি হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ (VHP) সিনেমাটির প্রদর্শন বন্ধ এবং কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের (CBFC) দেওয়া সনদ বাতিলের দাবি জানিয়েছে। সংগঠনটির আন্তর্জাতিক সভাপতি অলোক কুমারের অভিযোগ, বাল্মীকির মূল রামায়ণের বিভিন্ন ঘটনা পরিবর্তন করা হয়েছে এবং রাবণকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। 

পাশাপাশি অহল্যার মুক্তি, নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্ব এবং কেবটের ভক্তির মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বাদ দেওয়ার অভিযোগও তুলেছে সংগঠনটি। এ বিষয়ে আইনি পদক্ষেপের বিষয়টিও বিবেচনা করছে VHP।

অন্যদিকে, ‘মহাভারত’ ধারাবাহিকের সাবেক অভিনেতা নীতীশ ভরদ্বাজও সিনেমাটিতে রামের চরিত্রায়ণ নিয়ে সমালোচনা করেছেন। তাঁর মতে, সিনেমায় রামের মর্যাদা ও ব্যক্তিত্ব যথাযথভাবে ফুটে ওঠেনি। পাশাপাশি রাবণকে অতিরিক্ত ইতিবাচকভাবে উপস্থাপনের বিষয়েও আপত্তি জানিয়েছেন তিনি। 

এদিকে, আন্তর্জাতিক চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট রটেন টম্যাটোজে সিনেমাটির সমালোচকদের স্কোর ৭৭ শতাংশ এবং দর্শকদের স্কোর ৯৩ শতাংশ। ফলে বক্স অফিসে সাফল্য, দর্শকদের আগ্রহ এবং ধর্মীয় ও ঐতিহাসিক উপস্থাপনা নিয়ে বিতর্ক—সব মিলিয়ে মুক্তির পরও আলোচনার কেন্দ্রে রয়েছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’।

ঐ.মিষ্টি //