ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০২:০৩ পিএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার
বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছে শ্রমিকরা। এসময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
এতে মহাসড়কে প্রায় পৌনে ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
রোববার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করে।
এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পর তারা মহাসড়ক ছেড়ে মিছিল করতে থাকে।
সকালে গাজীপুরের শ্রীপুরে কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় ৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধভাবে মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এসময় কিছু সময় জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়। এসময় শ্রমিকরা মহাসড়কে ছেড়ে পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যায়। আশপাডা মোড়ে একটি কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে।
এতে শ্রমিকরা পিছু হটে ১নং সিএন্ডবি বাজারে অবস্থানে নেয়। পুলিশ সেখানে ছত্রভঙ্গ করে ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিলে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল আলম জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। পরে তাদের সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়া হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এএইচ
